পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কীটনাশকজনিত বিষক্রিয়ার আশঙ্কায় তাকে ভেন্টিলেশন সহায়তায় রাখা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সরকারি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির হাতে আসা মেডিকো-লিগ্যাল রিপোর্টে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক গ্রহণের কারণে বিষক্রিয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে কীভাবে তিনি কীটনাশকের সংস্পর্শে এসেছেন বা সেটি গ্রহণ করেছেন, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
গত ২১ নভেম্বর দুপুর ১টার দিকে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের এই বিধায়ক। প্রথমে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি সাড়া দিচ্ছেন না, চোখও খোলেননি।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধায়কের শারীরিক অবস্থার কথা জানানো হয়েছে। তবে মেডিকেল রিপোর্টে কীটনাশকের বিষক্রিয়ার ইঙ্গিত থাকলেও মন্ত্রী দাবি করেছেন, এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা।
২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পান রেখা পাত্র। ওই বছর লোকসভা নির্বাচনে বসিরহাট আসনে বিজেপির প্রার্থী হলেও জয়ী হতে পারেননি। পরে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি।

