অভিনয়জগতের সহকর্মী ও ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ে পৈতৃক গ্রাম ঢাকার ধামরাইয়ের রাজাপুরে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার বাদ মাগরিব রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন এলাকার শত শত মানুষ।
বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও ভক্তরা। শেষবারের মতো প্রিয় অভিনেতাকে দেখতে বাড়ির সামনে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় ইউপি সদস্য মহসিন খান বলেন, সোহেল খান ছিলেন গ্রামের গর্ব; এলাকায় এলে সবার সঙ্গে সহজভাবে মিশতেন।
হাসপাতালের মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় ছিলেন সোহেল। মঙ্গলবার সকালে হোটেলের কক্ষে অসুস্থ হয়ে পড়ে গেলে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নাটক ও চলচ্চিত্রে দীর্ঘ অভিনয়জীবনে ‘৪২০’, ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’ ও ‘শান’-এর মতো কাজের মাধ্যমে দর্শকের পরিচিতি পান তিনি। সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।