বয়সের ব্যবধান অভিনয়ের পথে বাধা হতে পারে না—এমন দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটিয়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। নিজের চেয়ে মাত্র চার বছরের ছোট রণবীর কাপুরের সৎমায়ের চরিত্রে অভিনয় করতে কোনো আপত্তি ছিল না তাঁর। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’-এ কৈকেয়ীর ভূমিকায় দেখা গেছে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীকে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে তাঁর বক্তব্য উঠে আসে। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে লারা জানান, অভিনয়শিল্পীরা এখন বয়স কিংবা প্রচলিত ধারণার সীমাবদ্ধতা পেরিয়ে চরিত্রের যথাযথ উপস্থাপনায় মনোযোগী। তাই রণবীরের মায়ের চরিত্রে অভিনয় নিয়ে তাঁর মনে কোনো দ্বিধা কাজ করেনি।
কৈকেয়ী চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে পরিচালক নিতেশ তিওয়ারির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান লারা। চরিত্রটির অতীত, পারিবারিক শিকড় এবং রাজা দশরথের কাছে দুটি বর চাওয়ার নেপথ্যের ঘটনাসহ সিনেমায় সরাসরি দেখানো হয়নি এমন বিষয় নিয়েও তাঁরা কাজ করেছেন।
লারার মতে, কৈকেয়ীর মতো শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর জীবনে খুব বেশি আসে না। তাই এমন সুযোগকে কাজে লাগানো জরুরি। এর আগে ‘বেলবটম’ সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।
‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণ হিসেবে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।

রণবীরের চেয়ে মাত্র ৪ বছরের বড়, তবু ‘সৎ মা’ হতে দ্বিধা নেই লারার
21 Nov 2026, 18:59 · Rushaid
