একটি ট্রেনে চেপে টানা প্রায় আট দিন কাটানো, পাড়ি দেওয়া ১০ হাজার কিলোমিটারেরও বেশি পথ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে রয়েছে এমনই এক দীর্ঘ রেলযাত্রা। রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু হয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গিয়ে শেষ হয় এই যাত্রা। বিশ্বের দীর্ঘতম সরাসরি যাত্রীবাহী ট্রেনযাত্রা হিসেবে পরিচিত রুটটি রেলপথে ভ্রমণপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মস্কো থেকে পিয়ংইয়ং পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য ১০ হাজার ২১৪ কিলোমিটার। পুরো পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় সাত দিন ২০ ঘণ্টা। তবে রাশিয়ার রেল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, যাত্রায় আট দিনের কিছু বেশি সময়ও লাগতে পারে।
দুই দেশের বিস্তীর্ণ ভূখণ্ড অতিক্রম করে ট্রেনটি। রাশিয়ার মস্কো থেকে যাত্রা শুরু করে উসুরিস্ক, খাবারভস্ক, চিতা, ইরকুতস্ক, ক্রাসনোইয়ারস্ক, নভোসিবিরস্ক, ওমস্ক ও ইয়েকাতেরিনবুর্গের মতো শহর পেরিয়ে পৌঁছায় উত্তর কোরিয়ার সীমান্তে। এরপর সীমান্ত অতিক্রম করে গন্তব্য পিয়ংইয়ং।
এই রুটের বিশেষত্ব হলো, পুরো যাত্রায় যাত্রীদের ট্রেন পরিবর্তন করতে হয় না। উত্তর কোরিয়ার বিশেষ যাত্রীবাহী বগি রাশিয়ার ট্রেনের সঙ্গে যুক্ত করেই পরিচালিত হয় দীর্ঘ এই যাত্রা।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ বছর বিরতির পর ২০২৫ সালের ১৭ জুন পুনরায় চালু হয় মস্কো-পিয়ংইয়ং রুট।
রাশিয়ার রেল কর্তৃপক্ষের সূচি অনুযায়ী, মস্কো থেকে প্রতি মাসের ১২ ও ২৬ তারিখে এবং পিয়ংইয়ং থেকে ৩ ও ১৭ তারিখে ট্রেন ছেড়ে যায়। তবে উত্তর কোরিয়ায় প্রবেশের ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে সাধারণ পর্যটকদের জন্য এই যাত্রায় অংশ নেওয়া সহজ নয়।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।