৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
প্রিন্ট

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকেরা। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি অব্যাহত থাকবে।
কর্মসূচির সুবিধা পেতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এতে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে সুবিধা পৌঁছানো নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এর স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন তদারকিতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর পৃথক মনিটরিং টিম গঠন করেছে।
উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করে আসছে। এবার সেই কার্যক্রমের আওতা বাড়িয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ বিক্রয়ব্যবস্থা চালু করা হলো।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-