
বিচারিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে বিচারকদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানে এআইয়ের সহায়তা নেওয়া গেলেও রায় প্রস্তুত কিংবা লেখার ক্ষেত্রে এর ওপর নির্ভর করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, রায়ের কার্যকরী অংশ সংশ্লিষ্ট বিচারককে নিজস্ব বিচারিক বিবেচনা ও আইনগত বিশ্লেষণের ভিত্তিতে লিখতে হবে।
শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
বিচারকার্যে আইনের পাশাপাশি সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণের নির্দেশনা দেন।
বিচারকদের পেশাগত শৃঙ্খলা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, তাঁদের আচরণ শুধু এজলাসের মধ্যে সীমাবদ্ধ নয়; আদালতের বাইরেও প্রতিটি কর্মকাণ্ডে বিচারকের মর্যাদা ও দায়িত্ববোধের প্রতিফলন থাকা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি এজলাসে মুঠোফোন ব্যবহার থেকেও বিরত থাকতে বলেন তিনি।
অন্যদিকে আইনজীবীদের শুনানিতে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা পরিহারের আহ্বান জানান প্রধান বিচারপতি। তাঁর মতে, শুনানির সময় নির্দিষ্ট করতে হবে এবং সময় মঞ্জুরকে নিয়মিত চর্চায় পরিণত করা যাবে না। আদালতের মূল্যবান সময় যথাযথভাবে কাজে লাগিয়ে মামলা নিষ্পত্তির গতি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।