নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ

নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ
প্রিন্ট

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে একই কায়দায় হামলার ঘটনা ঘটছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। হামলার ধরন দেখে অপরাধীরা ওপরের মহলের নির্দেশনায় কাজ করছে বলে তাঁর ধারণা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ফলে এসব হামলা দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এতে লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে রয়েছেন।

ব্যাংকটির মালিকানা নিয়ে প্রচারণার বিষয়ে ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারিত হওয়ার পর ব্যাংকটির পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি জানান, ব্যাংকটির নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। একই সঙ্গে হামলার প্রতিটি ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-