মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে নথিভুক্ত বিদেশিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশি নাগরিকদের নাম এসেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্টে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। সামাজিক ভ্রমণ পাসে কাজ করার অভিযোগে আটক বিদেশিদের জাতীয়তাভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন সংসদ সদস্য ড. উই কা সিওং।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় ওই সময়ের মধ্যে মোট ১৮ হাজার ৮৩৮টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে। বাংলাদেশিদের পর তালিকায় রয়েছে থাইল্যান্ডের ৪ হাজার ৮৫৬, ইন্দোনেশিয়ার ২ হাজার ১৫৪, চীনের ১ হাজার ২০৭ এবং ভিয়েতনামের ১ হাজার ৪৬টি ঘটনা।
সাইফুদ্দিন জানান, সামাজিক ভ্রমণ পাস বা ভিসা অব্যাহতি নিয়ে মালয়েশিয়ায় কাজ কিংবা ব্যবসা করার অনুমতি নেই। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মসংস্থান ও বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩০৬ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিবাসন সুবিধার অপব্যবহার ঠেকাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: দ্য স্টার।

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।