মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ
প্রিন্ট

উড়ন্ত উড়োজাহাজের বহির্গমন দরজা খোলার চেষ্টা করায় এক যাত্রীর সঙ্গে ক্রু ও সহযাত্রীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতিপথ পরিবর্তন করে অ্যারিজোনার ফিনিক্সে জরুরি অবতরণ করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফক্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। আমেরিকান এয়ারলাইন্স জানায়, সান ডিয়েগো থেকে শিকাগোগামী ফ্লাইট ১৪৯৪-এ এক যাত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিনিক্স পুলিশের তথ্যমতে, ওই যাত্রী নিজের আসন ছেড়ে উড়োজাহাজের সামনের দিকে চলে যান। ক্রুদের বারবার আসনে ফিরে যাওয়ার নির্দেশ উপেক্ষা করে তিনি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন। পরে ক্রু ও সহযাত্রীরা মিলে তাকে আটকে রাখেন। স্থানীয় সময় রাত ১টার দিকে ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
এক সহযাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে ওই ব্যক্তিকে মেঝেতে চেপে ধরে রাখছেন। ফ্লাইটে থাকা শন বেনেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে জানান, সবাই নিরাপদে আছেন। ওই যাত্রী সামান্য আহত হলেও অন্য কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
অবতরণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করা হয়নি। তবে সিবিএস নিউজের তথ্যমতে, ঘটনাটি এফবিআইকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-