
ইউক্রেন যুদ্ধের অবসানে ভবিষ্যতে সম্ভাব্য শান্তি আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের অংশগ্রহণের বিরোধিতা করেছে রাশিয়া। মস্কোর দাবি, কালাস আলোচনায় যুক্ত হলে সেই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা নষ্ট হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন ইস্যুতে কোনো বৈঠকে কালাস অংশ নিলে আলোচনা ভেস্তে যাবে। তাঁর মতে, রাশিয়ার সঙ্গে সংলাপের জন্য কালাস উপযুক্ত প্রতিনিধি নন। এ সময় তিনি কালাসের বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাঁকে রাশিয়াবিরোধী মনোভাবাপন্ন বলেও মন্তব্য করেন।
এর আগে চলতি মাসের শুরুতে কালাস বলেছিলেন, শান্তি আলোচনায় ইইউর প্রতিনিধিত্ব কে করবেন, তা নির্ধারণের অধিকার মস্কোর নেই। তিনি জানান, ব্যক্তিগত অবস্থান থেকে নয়, বরং ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকেই তিনি কথা বলেন। অর্থবহ আলোচনা শুরুর আগে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং কিছু ছাড় দেওয়ার আহ্বানও জানান তিনি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপ সরাসরি অংশ নেয়নি। তবে ভবিষ্যতে ইউরোপকে যুক্ত করা হলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও পোল্যান্ডসহ ইউরোপের প্রধান সামরিক শক্তিগুলোর প্রতিনিধিত্বের বিষয়ে আলোচনা রয়েছে।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, আলোচনার কাঠামো চূড়ান্ত করার আগে ইউরোপীয় প্রতিনিধিদের মস্কো সফর করে নিজেদের অবস্থান স্পষ্ট করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। শুক্রবার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভও জানান, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের প্রতিনিধিদের মস্কো সফরের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
সূত্র: রয়টার্স।
মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।