ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে আগামী ডিসেম্বরে ইতালি সফরে যেতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইতালীয় সংবাদমাধ্যম ‘লা রিপাব্লিকা’র প্রতিবেদন অনুযায়ী, ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে রোমে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তাঁর। এটি হবে ইতালিতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর।
সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে যুবরাজের। এতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হতে পারে। তবে সফরের প্রস্তুতি এগোলেও ডিসেম্বরের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির সূত্র।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি যুবরাজের নিরাপদে দেশত্যাগের বিষয়টি সফর চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফর নিশ্চিত হলে মেলোনি তাঁকে রোমের সরকারি অতিথিশালা ‘ভিলা আলগার্দি’তে আতিথ্য দিতে পারেন।
সৌদি আরব ইতালির অন্যতম প্রধান তেল সরবরাহকারী। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত মার্চের মাঝামাঝি থেকে ইরান ও হুতিদের হামলা মোকাবিলায় সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে ইতালির কয়েক শ সামরিক সদস্য মোতায়েন রয়েছে। তাঁদের সঙ্গে এসএএমপি/টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্কাইনেক্স ড্রোন প্রতিরোধব্যবস্থা ও ইউরোফাইটার যুদ্ধবিমানও রয়েছে।
এদিকে হুতিদের হামলায় সৌদি আরবের তেল পরিবহন ও সামরিক স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়েছে। গত সেপ্টেম্বরে তায়েফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইতালির একটি ইউরোফাইটার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো ইতালীয় সামরিক সদস্য আহত হননি।
এর আগে এপ্রিলে জেদ্দায় মেলোনি ও মোহাম্মদ বিন সালমানের বৈঠকে ইরান-সংশ্লিষ্ট সংঘাত এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জ্বালানি, প্রতিরক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ সম্মত হয়েছিল।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর তথ্য অনুযায়ী, নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি যুবরাজ বর্তমানে কঠোর সুরক্ষাব্যবস্থার মধ্যে রয়েছেন এবং জনসমক্ষে উপস্থিতিও কমিয়েছেন। ফলে ডিসেম্বরের সম্ভাব্য ইতালি সফরের চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর।
সূত্র: টার্কি টুডে।

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।