২০০২ সালের গুজরাট দাঙ্গায় দলবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানুর মামলায় দুই দণ্ডপ্রাপ্ত আসামির জামিনে মুক্তির ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তে গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন বিলকিস। একই সঙ্গে সন্তান ও নিহত মেয়ের স্মৃতির প্রতি দায়বদ্ধতা থেকে ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর বিপিনচাঁদ কানাইয়ালাল যোশী ও প্রদীপ রমনলাল মোধিয়াকে জামিন দেন ভারতের সুপ্রিম কোর্ট। ১৭ বছরের বেশি সময় কারাবাস এবং একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলকিসের আইনজীবী শোভা গুপ্ত জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তাঁর মক্কেল জামিনের বিষয়টি জানতে পেরেছেন। শুনানির আগে তাঁকে অবহিত করা হয়নি, এমনকি বক্তব্য দেওয়ার সুযোগও মেলেনি। এতে বিচারব্যবস্থার প্রতি তাঁর আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন আইনজীবী।
২০০২ সালের দাঙ্গায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিসের তিন বছর বয়সী মেয়েসহ পরিবারের ১৪ সদস্য নিহত হন। ২০০৮ সালে মুম্বাইয়ের বিশেষ আদালত এ ঘটনায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২২ সালে গুজরাট সরকার তাঁদের মুক্তি দিলেও ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে।
বিলকিস জানান, ২৪ বছর ধরে ন্যায়বিচারের জন্য লড়ছেন তিনি। সন্তানদের যেন ভয় ও অতীতের ক্ষত নিয়ে জীবন কাটাতে না হয়, সে জন্য আবারও আইনি লড়াইয়ে নামবেন। নিহত মেয়ে সালেহার স্মৃতির প্রতিও ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।