আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের খনিজ

আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ট্রিলিয়ন ডলারের খনিজ
প্রিন্ট


আফগানিস্তানের পাহাড় ও ভূগর্ভে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার সম্ভাব্য আর্থিক মূল্য তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। তেল, গ্যাস, সোনা, তামা, লোহা, লিথিয়ামসহ নানা খনিজে সমৃদ্ধ হলেও এসব সম্পদের বড় অংশ এখনো উত্তোলনের বাইরে। ফলে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও দেশটির অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে।
বিভিন্ন জরিপ ও গবেষণায় আফগানিস্তানের খনিজ সম্পদের উপস্থিতি উঠে এসেছে। ২০০৭ সালে পরিচালিত সমীক্ষার পর ২০১১ সালে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ যৌথভাবে অনুসন্ধান চালায়। এর আগে সোভিয়েত ইউনিয়নও দেশটির বিভিন্ন অঞ্চলে ভূতাত্ত্বিক জরিপ করেছিল।
গবেষণায় সোনা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা, টিন, টাংস্টেন ও পারদের মজুত শনাক্ত হয়েছে। বাদাখশান ও তাখারে সোনার ভাণ্ডার রয়েছে। লোগার প্রদেশের আয়নাক খনি তামার অন্যতম বড় আধার। এ ছাড়া বামিয়ানের হাজিগাক এলাকায় বিপুল লৌহ আকরিকের সন্ধান পাওয়া গেছে।
মূল্যবান পাথরের মধ্যে বাদাখশানের লাপিস লাজুলি এবং পাঞ্জশিরের পান্না আন্তর্জাতিকভাবে পরিচিত। গজনী, ফারাহ ও দাইকুন্ডিতে লিথিয়ামের মজুতও শনাক্ত হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ব্যাটারি শিল্পে ব্যবহৃত এই খনিজের সম্ভাব্য মূল্য এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
এ ছাড়া দেশটিতে প্রায় ১৬০ কোটি ব্যারেল তেল, ৫০ হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং প্রায় ১০০ কোটি টন কয়লার মজুত রয়েছে বলে অনুমান করা হয়। তবে এসব পরিসংখ্যানের সবই নিশ্চিত বা উত্তোলনযোগ্য মজুত নয়; অনেক ক্ষেত্রে আরও অনুসন্ধান প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, যথাযথ বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা গেলে এসব সম্পদ আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-