পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যগত সক্ষমতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন জমা দিয়েই নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা, বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতাল থেকে এসব পরীক্ষা করানো যাবে।
তবে দুরারোগ্য বা গুরুতর স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হজযাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। হৃদ্যন্ত্র, কিডনি, লিভার ও ফুসফুসের জটিলতা শনাক্তে সংশ্লিষ্ট বিশেষায়িত পরীক্ষা করাতে হবে। গর্ভাবস্থাজনিত জটিলতা যাচাইয়েও রয়েছে পৃথক পরীক্ষার নির্দেশনা।
স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকাকেন্দ্রের মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। টিকা গ্রহণ সম্পন্ন হলে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।
হজসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দিয়েছে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।