যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

23 Nov 2026, 20:20 · বাসস — (বার্তা সংস্থা)

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক গত রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এ নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস প্রস্তাবটি উত্থাপন করেন। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এবং উদ্যোগটির উদ্যোক্তা বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু। বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রেস উইং জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে সড়কটির নামকরণ করা হয়েছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক অবস্থান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ভূমিকা এবং পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবার বিজয়ী হওয়ার বিষয়গুলোও প্রস্তাবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।