ট্রাম্পের ফোন ও চিঠিতে সাড়া নেই কিমের

22 Nov 2026, 22:25 · Rushaid

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের উদ্যোগে সাড়া দিচ্ছেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বরং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বদলে দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর সরকারি ফোনলাইনসহ বিভিন্ন মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু পিয়ংইয়ং থেকে কোনো জবাব না পেয়ে চিঠি পাঠানোর উদ্যোগ নেয় হোয়াইট হাউস। নিউইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়ার দপ্তরের মাধ্যমে চিঠিটি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এক কূটনীতিক চিঠিটি হাতে নেওয়ার পরও তা না খুলে জাতিসংঘের একটি বৈঠকে রেখে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতা তিনবার বৈঠকে বসেছিলেন। সেসব আলোচনার মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করানো। তবে ২০১৯ সালের পর থেকে দুই দেশের মধ্যে আর কোনো বৈঠক হয়নি। সম্প্রতি এশিয়া সফরের সময় ট্রাম্প আবারও কিমের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা আনুমানিক ২০ থেকে ৩০টি থেকে বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও অর্থ সংগ্রহ করছে পিয়ংইয়ং। গত ফেব্রুয়ারিতে কিম বলেছিলেন, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক কর্মসূচি মেনে নিলে শান্তিপূর্ণ সম্পর্ক সম্ভব; অন্যথায় দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত চলতে পারে।