রাশমিকা নিচ্ছেন শাস্ত্রীয় সংগীতের তালিম

25 Nov 2026, 00:31 · নিউজ ডেস্ক

অভিনয়ের প্রয়োজনে এবার নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মন্দানা। পর্দায় ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন তুলে ধরতে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত শিখছেন তিনি। অভিনয়ের প্রস্তুতিতে এটিই তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, গান গাওয়ার অভ্যাস তাঁর কখনোই ছিল না। এমনকি বাড়িতেও গুনগুন করে গান করেন না তিনি। সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর শুরুতে কিছুটা দ্বিধায় ছিলেন। এত বড় একজন শিল্পীর জীবন, সংগীতসাধনা ও অবদান যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তাঁর। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেন।

রাশমিকার কাছে এটি শুধু একটি চরিত্রে অভিনয় নয়; বরং কিংবদন্তি শিল্পীর জীবন ও সংগীতের সঙ্গে গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ। তাই অভিনয়ের পাশাপাশি শুরু করেছেন শাস্ত্রীয় সংগীত শেখার প্রস্তুতি।

‘এম এস—আ লিগ্যাসি অন স্ক্রিন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন গৌতম তিনানুরি। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। প্রকল্পটির বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতারা। রাশমিকা জানিয়েছেন, পুরো দলের কাছেই সিনেমাটি আবেগের জায়গা থেকে গুরুত্বপূর্ণ।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে বিশেষ মর্যাদার অধিকারী এম এস সুব্বুলক্ষ্মী। তাঁর জীবন ও সাধনার গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়ে এবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন রাশমিকা। সংগীতের কঠিন পাঠে নিজেকে কতটা দক্ষ করে তুলতে পারেন, তা দেখার অপেক্ষায় দর্শকরা।