হিমালয়ের কোলে অবস্থিত নেপালকে ঘিরে আবারও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে ভারত ও চীন। দেশটিতে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন কার্যক্রমকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে দুই প্রতিবেশী শক্তি। ভারত জরুরি সহায়তা ও আর্থিক প্যাকেজ নিয়ে এগিয়ে এলেও অবকাঠামো ও অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে বেইজিং।
সীমান্ত বিরোধ এবং ২০১৫ সালের অবরোধের অভিযোগে গত এক দশকে কাঠমান্ডু-নয়াদিল্লি সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই সুযোগে নেপালে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উপস্থিতি বাড়ায় চীন। তবে সাম্প্রতিক বন্যা ভারতের জন্য সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি করেছে।
আগস্টে ভয়াবহ বন্যার পর প্রথম বিদেশি দেশ হিসেবে ত্রাণ পাঠায় ভারত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারেও সহায়তা করে নয়াদিল্লি। সোমবার নেপালের পুনর্গঠন, অবকাঠামো ও জ্বালানি খাতে ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারের অনুদান ও ঋণ সহায়তা ঘোষণা করে দেশটি।
এদিকে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একাধিক চুক্তি হয়েছে। ভারতকে নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে উল্লেখ করে তিনি দেশটিতে বিনিয়োগের আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে নেপালে নিজেদের কূটনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে চায় ভারত। অন্যদিকে, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতি দেশটির রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে—এমন বিবেচনায় সতর্ক রয়েছে নয়াদিল্লি। ফলে নেপালকে ঘিরে দুই শক্তির প্রতিযোগিতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

