দীর্ঘদিন ধরে ক্ষুধা, দারিদ্র্য ও খাদ্যসংকটের সঙ্গে যে মহাদেশের পরিচিতি জড়িয়ে ছিল, সেই আফ্রিকায় এখন কৃষিকে ঘিরে শুরু হয়েছে নতুন অর্থনৈতিক রূপান্তর। কেবল কৃষিপণ্য উৎপাদন নয়, সেগুলো প্রক্রিয়াজাত করে শিল্পপণ্য হিসেবে দেশ-বিদেশের বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বিভিন্ন দেশ। এ লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে বিশেষ কৃষি-শিল্পাঞ্চল এবং বাড়ানো হচ্ছে বিদেশি বিনিয়োগের সুযোগ।
কোকো, কফি, তুলা, ভুট্টা, চাল ও ফলমূলের মতো কৃষিপণ্যে সমৃদ্ধ হলেও আফ্রিকার অনেক দেশ এত দিন মূলত কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরশীল ছিল। এতে চূড়ান্ত পণ্য উৎপাদনের বড় অর্থনৈতিক সুবিধা চলে যেত বিদেশি প্রতিষ্ঠানের হাতে। এবার সেই চিত্র পাল্টাতে চায় মহাদেশটি।
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের ‘ফিড আফ্রিকা’ কৌশলের আওতায় ১১টি দেশে ২৪টি বিশেষ কৃষি-শিল্পাঞ্চল গড়ে তুলতে ৮৫৩ মিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর সঙ্গে উন্নয়ন অংশীদারদের ৬৬১ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে।
ইথিওপিয়া চারটি কৃষি-শিল্প পার্ক গড়ে তুলছে। এতে চার লাখের বেশি ক্ষুদ্র কৃষক যুক্ত হয়েছেন এবং সংশ্লিষ্ট খাতে এক লাখ এক হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
অন্যদিকে নাইজেরিয়া ৫৩৮ মিলিয়ন ডলারের কর্মসূচিতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করছে। ঘানা ও আইভরি কোস্ট কোকো থেকে চকলেটসহ মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। কেনিয়া আবার ফল, সবজি ও চা রপ্তানিতে আধুনিক সংরক্ষণ ও শীতল সরবরাহব্যবস্থা সম্প্রসারণ করছে।
তবে বিদ্যুৎ, প্রযুক্তি, দক্ষ জনশক্তি, অর্থায়ন ও পরিবহন অবকাঠামোর সীমাবদ্ধতা এখনো বড় বাধা। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে কৃষিকে কেন্দ্র করে আফ্রিকার শিল্পায়ন ও রপ্তানি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

খাদ্যশিল্পে নতুন সম্ভাবনা দেখছে আফ্রিকা
18 Nov 2026, 21:57 · আন্তর্জাতিক ডেস্ক
