ইউক্রেনের হামলার জবাবে রাশিয়ার প্রতিশোধ ‘অনিবার্য’: পুতিন

25 Nov 2026, 21:58 · নিউজ ডেস্ক

রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এসব হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিশোধ নেওয়া ‘অনিবার্য’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ক্রেমলিনে সরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি দেন পুতিন। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান ও সরাসরি অনুরোধ সত্ত্বেও কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা অব্যাহত রেখেছে।

পুতিন বলেন, ‘এ বিষয়ে আমি জোর দিয়ে বলতে চাই, আমাদের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া অনিবার্য।’ একই সঙ্গে দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন তিনি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। ফিনল্যান্ড উপসাগরে শনিবার ‘স্পার্টা ২’ নামের জাহাজটিতে ওই হামলা চালানো হয়। এতে একজন ক্রু সদস্য আহত হন। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, জাহাজটিতে অস্ত্র বহন করা হচ্ছিল। এ কারণে এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু ছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ট্রাম্প জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। এরপর ইউক্রেনের হামলা কিছুটা কমলেও মাসের শেষ দিকে তা আবার বাড়তে শুরু করে।

রয়টার্সের বরাত দিয়ে শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ ৪৫ শতাংশ কমেছে। ধারাবাহিক হামলার প্রভাবে দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেলের খুচরা বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষ জানিয়েছে।

পুতিনের ভাষ্য, রাশিয়ার জ্বালানি বাজার এখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর পেট্রোলের দাম স্থিতিশীল হয়েছে।

এদিকে, রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইউরোপের কয়েকটি দেশেও। মঙ্গলবার পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়ার একটি নজরদারি ড্রোন কিছু সময়ের জন্য তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল। কিয়েভ থেকে আল-জাজিরার সাংবাদিক আবদেল আজিজ মুজাহিদের মতে, এ ঘটনা সংঘাতের বিস্তৃতি বাড়ার ইঙ্গিত দিতে পারে।

সোমবার ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে তাদের স্থলসীমান্ত বন্ধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় মস্কো দেশটির বিরুদ্ধে একাধিক বৈরী কর্মকাণ্ডের অভিযোগ তোলে এবং পরিস্থিতিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার মতো বলে উল্লেখ করে।

এ ছাড়া পোল্যান্ড জানিয়েছে, শুক্রবার দেশটিতে রাশিয়ার তিনটি খ-১০১ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শনিবার বাল্টিক সাগরে রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলায় আগুন ধরে যায়। এ হামলার দায়ও স্বীকার করেছে ইউক্রেন।

রোববার লিবিয়ার একটি বন্দরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি নৌ-করভেট ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবীয় সরকার এ ঘটনার সমালোচনা করেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা হামলাটিকে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ বলে দাবি করেছেন।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীকে বস্তুগত সহায়তা দেওয়া ব্রিটিশ কোম্পানিগুলোর ওপর রাশিয়া অন্তর্ঘাতমূলক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা।

যুদ্ধের ময়দানেও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় দুজন নিহত এবং চার শিশুসহ ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির গভর্নর মাইখাইলো সেমিকিন। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনালসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়।

সূত্র: আল-জাজিরা।