ইরানে গায়িকা ও দলের চার সদস্যের ৭৪ বেত্রাঘাতের সাজা

24 Nov 2026, 23:16 · নিউজ ডেস্ক

অনলাইনে সংগীত পরিবেশনের ভিডিও প্রকাশের জেরে ইরানে এক গায়িকা ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই বছরের জন্য তাঁদের সব ধরনের শৈল্পিক ও সংগীতবিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্ত গায়িকার নাম পারাস্তু আহমাদি। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে ‘জনসাধারণের শালীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। ভিডিওতে তেহরানের দক্ষিণে কোম শহরে বাধ্যতামূলক হিজাব ছাড়াই পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে পারাস্তু আহমাদিকে গান পরিবেশন করতে দেখা যায়।

বেত্রাঘাতের শাস্তিকে নির্যাতন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছে পশ্চিমা সরকার ও মানবাধিকার সংগঠনগুলো। তবে ইরান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

উল্লেখ্য, ২০২২ সালে মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর ইরানে বাধ্যতামূলক হিজাববিরোধী ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এখনও দেশটির বিভিন্ন এলাকায় হিজাববিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে।