ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন তিনি। সম্প্রতি লন্ডনে অভিনেতার সঙ্গে দেখা করে এ সুখবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান রোজিনা। তিনি উল্লেখ করেন, লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন এই অভিনেতা। সেখানে তাঁর সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে খাবারও খেয়েছেন তাঁরা।
পোস্টে রোজিনা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ইলিয়াস কাঞ্চন। তবে সবার দোয়া ও মহান আল্লাহর রহমতে বর্তমানে আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন অভিনেত্রী। একই সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
উল্লেখ্য, ১৫ মাসের বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন। নিজ গ্রাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় গিয়েও স্থানীয়দের সঙ্গে সময় কাটান। তবে চিকিৎসা অব্যাহত রাখতে পরবর্তী সময়ে আবারও লন্ডনে ফিরে যান তিনি।

