দশ বছর পরও গানে গানে শ্রোতার হৃদয়ে অমলিন বারী সিদ্দিকী

25 Nov 2026, 00:33 · রুশাইদ আহমেদ

দরদভরা কণ্ঠ, মায়াবী বাঁশির সুর আর লোকজ সংগীতের অনন্য পরিবেশনা—এসবের মধ্য দিয়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন বারী সিদ্দিকী। মৃত্যুর দশ বছর পেরিয়ে গেলেও তাঁর গান ও সৃষ্টিকর্মের আবেদন একটুও ম্লান হয়নি। ২০১৭ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন বাংলা লোকসংগীতের এই কিংবদন্তি শিল্পী ও গীতিকার।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্ম নেওয়া বারী সিদ্দিকীর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘আমি একটা জিন্দা লাশ’। লোকজ সুরের সঙ্গে আধ্যাত্মিক আবহ মিশিয়ে তিনি সংগীতে তৈরি করেছিলেন স্বতন্ত্র ধারা।

শিল্পীর দশম প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি এনটিভি, চ্যানেলটির ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে।

আয়োজকদের ভাষ্য, বারী সিদ্দিকীর সংগীতজীবন, সাধনা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী ও বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর।

অনুষ্ঠানে দর্শকদের সরাসরি যুক্ত হওয়ার সুযোগও থাকছে। ফোনে শিল্পীর সঙ্গে কথা বলার পাশাপাশি বারী সিদ্দিকীকে নিয়ে নিজেদের স্মৃতি, অনুভূতি ও গানের অনুরোধ জানাতে পারবেন তাঁরা।

বাঁশির মূর্ছনা ও লোকজ সংগীতের স্বতন্ত্র পরিবেশনায় বারী সিদ্দিকী বাংলা গানের ভুবনে যে স্বাক্ষর রেখে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে।