বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমিয়ে নিজেদের অনুকূলে অর্থনৈতিক ব্যবস্থা ঢেলে সাজাতে নতুন শুল্ককৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগে শুধু চীন নয়, দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন অংশীদার রাষ্ট্রগুলোকেও চাপের মুখে ফেলতে চাইছে ওয়াশিংটন। এতে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আট মাসের তদন্ত শেষে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এ নীতির কেন্দ্রে রয়েছে চীন।
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, আগে আরোপ করা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে চীনের ওপর আরও ২০ শতাংশ শুল্ক বহাল থাকতে পারে। দুই দেশের সাম্প্রতিক সমঝোতা ভেঙে গেলে মোট শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছানোর সুযোগ রয়েছে। এতে ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের দর-কষাকষির ক্ষমতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে নতুন পদক্ষেপে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়নি বেইজিং। বরং বিরল মৃত্তিকা উপাদান রপ্তানির বিধিনিষেধ স্থগিত রাখার মেয়াদ বাড়ানো এবং বোয়িংয়ের ৫০টি উড়োজাহাজ কেনার বিষয়ে চীনা প্রতিষ্ঠানের সম্মতি দুই দেশের সমঝোতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, আপাতত কোনো পক্ষই নতুন বাণিজ্যযুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তবে চীনের রপ্তানিনির্ভর অর্থনীতি ও বৈশ্বিক বাজারে দেশটির বাড়তি প্রভাব নিয়ে ইউরোপসহ বিভিন্ন অংশীদারের উদ্বেগ বাড়ছে। ফলে ভবিষ্যতে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বিধিনিষেধ আরও কঠোর হতে পারে।

চীনের বাণিজ্যিক আধিপত্য ঠেকাতে ট্রাম্পের নতুন শুল্ককৌশল
26 Nov 2026, 21:56 · Mustafa Kamal — Editor & Publisher
