৩১ অক্টোবর লং মার্চ ঘিরে গোপালগঞ্জবাসীকে সতর্ক করলেন জামায়াতের জেলা আমির

29 Oct 2026, 20:09 · News Desk

 ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম। একই সঙ্গে লং মার্চকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যকে গুজব ও অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক ভিডিও বার্তায় অধ্যাপক রেজাউল করিম বলেন, ৩১ অক্টোবরের এই লং মার্চ শান্তিপূর্ণভাবে ঢাকা থেকে শুরু হয়ে ভাঙা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী দলগুলোর গাড়িবহর গোপালগঞ্জ জেলার মহাসড়ক ব্যবহার করে নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হবে।
তিনি আরও জানান, লং মার্চ চলাকালে গোপালগঞ্জ জেলার কোথাও কোনো পথসভা কিংবা বক্তৃতার কর্মসূচি রাখা হয়নি। তাই এ কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।
ভিডিও বার্তায় জেলা আমির অভিযোগ করেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে লং মার্চ নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। এ ধরনের গুজবে কান না দেওয়ার পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্যও গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।
অধ্যাপক রেজাউল করিম বলেন, গোপালগঞ্জের দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি জানান, জনতার সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মসূচির সফলতায় সহযোগিতা করার আহ্বান জানান।
সব মিলিয়ে ৩১ অক্টোবরের লং মার্চকে ঘিরে গোপালগঞ্জে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক নেতাকর্মী, সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন জেলা জামায়াতের আমির।